'সমঝোতা দুর্বল হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো খারাপ হবে: ফ্রান্স
-
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি
গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের পরমাণু সমঝোতা একটি উৎস হিসেবে গণ্য হওয়ায় এর প্রশংসা করেছে ফ্রান্স। বহুপাক্ষিক পরমাণু সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার কয়েক ঘন্টা আগে ফ্রান্স এ বক্তব্য দিল।
আজ (মঙ্গলবার) আরটিএল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ'র প্রতি ইরান সম্মান প্রদর্শন করে আসছে। পার্লি তার ভাষায় আরো বলেন, "২০১৫ সালের পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গ নয় কিন্তু এটি ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে সাহায্য করেছে এবং এ সমঝোতাকে দুর্বল করার অর্থ হচ্ছে সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো খারাপের দিকে ঠেলে দেয়া।"
এছাড়া, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ গতকাল (সোমবার) বলেছেন, "ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি-এই তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এই সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে রক্ষাকবচ এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সঠিক উপায়।”
গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় ঘোষণা দিয়েছেন যে, পরমাণু সমঝোতার ব্যাপারে তিনি আজ (মঙ্গলবার) হোয়াইট হাউজ থেকে তার সিদ্ধান্ত জানাবেন। এদিকে ইরান বলেছে, পরমাণু সমঝোতা ভেঙে পড়লে পাল্টা অনেকগুলো ব্যবস্থা নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান।#
পার্সটুডে/বাবুল আখতার/৮