পরমাণু সমঝোতার ইতি ঘটে নি: ফ্রান্স
-
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ
ফ্রান্স বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়া সত্ত্বেও এ সমঝোতার ইতি ঘটেনি।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ আজ (বুধবার) আরটিএল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সমঝোতার ইতি ঘটেনি। তিনি আরো বলেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন আজ আরো পরে এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে কথা বলবেন। এছাড়া পরমাণু সমঝোতা ইস্যুতে আগামী সপ্তাহে সম্ভবত সোমবার ইরান এবং ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিরা বৈঠকে বসবে বলেও জানান তিনি।
ফ্রান্সের এ শীর্ষস্থানীয় কূটনীতিক আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্যারিস উদ্বিগ্ন। তবে পরমাণু সমঝোতা বাতিল না করে বরং এ ইস্যুতে আলোচনা করা যেতে পারে।
তিনি তার ভাষায় বলেন, "আমি মনে করি ক্ষেপণাস্ত্র ইস্যূতে সংঘাতের ঝুঁকি রয়েছে। তবে আমার বিশ্বাস এটি শান্তির পথে বাধা সৃষ্টি করতে পারে না।" একই সঙ্গে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রোনো লি মায়েরে ইরানের পরমাণু সমঝোতা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে ভুল হিসেবে ব্যাখা করে বলেছেন, ওয়াশিংটন নিজেকে বিশ্বের 'অর্থনৈতিক পুলিশ' হিসেবে গণ্য করতে পারে না।#
পার্সটুডে/বাবুল আখতার/৯