আমেরিকাকে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i57612-আমেরিকাকে_তালেবানের_সঙ্গে_আলোচনায়_বসতে_হবে_রাশিয়া
আফগান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ব্যাপারে আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত যামির কাবুলোভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সরকার তালেবানের সঙ্গে আলোচনায় না বসলে ওয়াশিংটনকে আফগানিস্তানে একটি রক্তাক্ত ও ক্লান্তিকর যুদ্ধের সম্মুখীন হতে হবে যা বহু বছর ধরে চলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৮ ০০:৩৯ Asia/Dhaka
  • যামির কাবুলোভ
    যামির কাবুলোভ

আফগান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ব্যাপারে আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত যামির কাবুলোভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সরকার তালেবানের সঙ্গে আলোচনায় না বসলে ওয়াশিংটনকে আফগানিস্তানে একটি রক্তাক্ত ও ক্লান্তিকর যুদ্ধের সম্মুখীন হতে হবে যা বহু বছর ধরে চলবে।

তালেবান গোষ্ঠী বর্তমানে আফগানিস্তানের শতকরা ৪০ ভাগ ভূমি নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেন কাবুলোভ। তিনি বলেন, যারা আফগানিস্তানের ৪০ ভাগ ভূমি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে আমেরিকার আলোচনায় বসতে অসম্মতি গ্রহণযোগ্য নয়। এ অবস্থা চলতে থাকলে আফগানিস্তানে কখনো নিরাপত্তা ফিরে আসবে না।

রাশিয়ার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি সতর্ক করে দিয়ে বলেন, তালেবান গোষ্ঠী সামনের দিকে আরো বিস্তীর্ণ ভূখণ্ড সরকারের নিয়ন্ত্রণ থেকে বের করে নিতে পারে। এ অবস্থায় দেশটিতে বিদেশি সেনার উপস্থিতি আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারবে না।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা (ফাইল ছবি)

আফগানিস্তানে তালেবান শাসনের পতন ঘটানো এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকার ২০০১ সালে দেশটিতে আগ্রাসন চালায়। ওই আগ্রাসনে তৎকালীন তালেবান সরকারের পতন হলেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমেরিকার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

এদিকে তালেবান গোষ্ঠী বলেছে, দেশটিতে যুদ্ধের অবসান ঘটিয়ে নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা।#

পার্সটুডে/বোরুন/মুজাহিদুল ইসলাম/২১