ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: এর্দোগান
-
রজব তাইয়্যেব এর্দোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গেছে এবং আমেরিকার এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আমেরিকার এ পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে সংকট আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। গতরাতে আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এর্দোগান আরও বলেছেন, আমেরিকার পররাষ্ট্র নীতি যে বিশ্বে শান্তি বিনষ্ট করছে তার প্রমাণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর।
তিনি সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করে বলেন, সম্প্রতি কিছু দেশ কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথকে বন্ধ করে দিচ্ছে। এর্দোগান বলেন, বিশ্বের কয়েকটি দেশের কাছে ১৫ হাজারের বেশি পরমাণু অস্ত্র রযেছে। তাদের এসব অস্ত্র গোটা বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানায়। প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন সমস্যা এখন এমন এক বিপর্যয়ে রূপ নিয়েছে যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে তুরস্ক কোনো ছাড় দেবে না বলে তিনি উল্লেখ করেন। মুসলমানদের প্রথম কেবলাকে দখলদার ইসরাইলের হাতে তুলে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২