মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আমেরিকাকে সতর্ক করল ফ্রান্স
-
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ
ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের বের হয়ে যাওয়ার সমালোচনা করে ফ্রান্স বলেছে, তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও চাপ সৃষ্টির নীতি নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এই নীতি মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ফ্রান্সের ইন্টার রেডিওকে আজ (বুধবার) এসব কথা বলেছেন। আন্তর্জাতিক মতামত উপেক্ষা করে চলতি মাসের প্রথম দিকে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
লা-দ্রিয়াঁ বলেন, “ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা সংলাপকে হয়ত বিনষ্ট করবে না কিন্তু আলোচনা দুর্বল করবে। মার্কিন এই অবস্থান মধ্যপ্রাচ্যকে আরো বিপজ্জনক পরিস্থিতির মুখে ফেলবে।”
গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে ১২টি শর্ত দিয়ে বলেছেন, এসব শর্ত না মানলে তেহরানের বিরুদ্ধে ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করা। পম্পেও’র এ হুমকির পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিলেন।
পম্পেও’র বক্তব্যের পরপরই ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তা প্রত্যাখ্যান করে বলেছেন, “যে ব্যক্তি বহু বছর ধরে গুপ্তচরবৃত্তি করেছে সে এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইরান এবং অন্য দেশগুলোর জন্য সিদ্ধান্ত দিচ্ছে। ইরান ও বিশ্বের জন্য সিদ্ধান্ত ঠিক করে দেয়ার আপনি কে?”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩