ইরানের কাছ থেকে অতিরিক্ত তেল কেনার অনুরোধ জানাল ভারত
https://parstoday.ir/bn/news/world-i58266-ইরানের_কাছ_থেকে_অতিরিক্ত_তেল_কেনার_অনুরোধ_জানাল_ভারত
ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড'- বিপিসিএল চলতি জুন মাসে ইরানের কাছ থেকে অতিরিক্ত ১০ লাখ ব্যারেল তেল কেনার অনুরোধ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৮ ০১:৫৬ Asia/Dhaka
  • ইরানের তেলবাহী ট্যাংকার (ফাইল ছবি)
    ইরানের তেলবাহী ট্যাংকার (ফাইল ছবি)

ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড'- বিপিসিএল চলতি জুন মাসে ইরানের কাছ থেকে অতিরিক্ত ১০ লাখ ব্যারেল তেল কেনার অনুরোধ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার ঘোষণা দেন। তিনি একই সঙ্গে আগামী তিন থেকে ছয় মাসের ওপর ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালেরও ঘোষণা দেন।

ভারতের একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই মুহূর্তে নয়াদিল্লির কাছে ইরানের তেল গুরুত্ব পাচ্ছে এবং সার্বিকভাবে অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে ইরানি তেল কেনা সম্ভব হচ্ছে।

চীনের পরে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। পরমাণু সমঝোতা সই হওয়ার আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকার সময়ও নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছিল।

গত সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, দেশটির পররাষ্ট্র, অর্থ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি শক্তিশালী প্রতিনিধিদল আগামী সোমবার ইউরোপ সফরে যাবে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির সঙ্গে কীভাবে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখা যায় সে ব্যাপারে আলোচনা করতে এক সপ্তাহব্যাপী এ সফর অনুষ্ঠিত হবে বলে সূত্রটি জানিয়েছে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার একদিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনা শেষে জানান, ভারত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে তেহরানকে জানিয়েছে নয়াদিল্লি। এ ছাড়া, জারিফের সঙ্গে সাক্ষাতের আগে সুষমা সাংবাদিকদের বলেন, ভারত জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষোধাজ্ঞা মেনে চললেও কোনো একক দেশের পক্ষ থেকে চাপিয়ে দেয়া কোনো অবরোধ মানবে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২