ইরানের পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে: ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i58526-ইরানের_পরমাণু_সমঝোতা_অবশ্যই_রক্ষা_করতে_হবে_ব্রিটেন
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, লন্ডন ইরানের পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কারণ এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষার সবচেয়ে ভালো উপায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৮ ০০:০৭ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, লন্ডন ইরানের পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কারণ এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষার সবচেয়ে ভালো উপায়।

বুধবার লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে জনসন আরো বলেন, ফ্রান্স ও জার্মানির পাশে থেকে ব্রিটেন ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে অটল রয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হবে লন্ডন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইউরোপ সফরের শেষ পর্যায়ে বুধবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি জার্মানি ও ফ্রান্স সফরে যান। আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এ সমঝোতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইউরোপের সঙ্গে এ সমঝোতা টিকিয়ে রাখার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার ষড়যন্ত্র সত্ত্বেও ইউরোপকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার বাস্তব গ্যারান্টি দিতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি নিয়ে কোনো কথা বলা যাবে না। ইরানের তেল কেনা আগের মতো চালিয়ে যাওয়ার গ্যারান্টি দিতে হবে। ইরানের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখার ব্যাপারে ইউরোপের ব্যাংকগুলোকে নিশ্চয়তা দিতে হবে। সেইসঙ্গে আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ইউরোপকে সাহসিকতার সঙ্গে প্রতিহত করতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭