জি-সেভেনের বিবৃতি থেকে নাম প্রত্যাহার; আরও কোনঠাসা ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের বিবৃতি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কানাডা থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় টুইট করে এ ঘোষণা দেন তিনি। টুইটে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রুডো দুর্বল ও অসৎ ব্যক্তি।
কানাডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জি-সেভেনের অপর সদস্য দেশগুলোর সঙ্গে মতবিরোধের কথা অস্বীকার করলেও দেশটি ছেড়ে যাওয়ার পরপরই অবস্থান পরিবর্তন করে বলেন, তিনি সম্মেলনের বিবৃতি মানেন না।
কানাডার প্রাধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সম্মেলনের বিষয়ে তিনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ ভুয়া। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন। পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে আমেরিকার শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন।
জি-সেভেন শীর্ষ সম্মেলনের শেষ দিন শনিবারও কানাডার কুইবেক শহরে এই জোটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় ট্রাম্পবিরোধী বিভিন্ন স্লোগান দেয়ার পাশপাশি রাস্তায় আবর্জনা ফেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই সেদেশে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করে। এরপর থেকেই মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতেও ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মতপার্থক্য স্পষ্ট হয়েছ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০