ধৈর্য ফুরিয়ে আসছে: ন্যাটোকে ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i59808-ধৈর্য_ফুরিয়ে_আসছে_ন্যাটোকে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সামরিক জোটের কয়েকটি দেশের কাছে চিঠি লিখে তাদেরকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ব্যাপারে আমেরিকার ধৈর্য ফুরিয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৮ ০৮:১৬ Asia/Dhaka
  • ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ (বামে) এবং প্রেসিডেন্ট ট্রাম্প
    ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ (বামে) এবং প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সামরিক জোটের কয়েকটি দেশের কাছে চিঠি লিখে তাদেরকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ব্যাপারে আমেরিকার ধৈর্য ফুরিয়ে আসছে।

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো মিত্রদের কাছে ওই চিঠি পাঠিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, বেলজিয়াম, নরওয়ে এবং কানাডা। আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, সম্মেলনকে ঘিরে এরইমধ্যে এক রকমের উত্তেজনা দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প অনেক দিন থেকেই অভিযোগ করে আসছেন যে, ন্যাটো জোটের অন্য দেশগুলো যথেষ্ট অর্থ দিচ্ছে না; ফলে আমেরিকাকে এ বোঝা বহন করতে হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ন্যাটো জোটের যেসব দেশর কাছে প্রেসিডেন্ট ট্রাম্প চিঠি দিয়েছেন তার প্রায় সবগুলোর ভাষা একই কিন্তু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলকে লেখা চিঠির ভাষা অনেক বেশি কঠোর। মারকেলকে ট্রাম্প বলেছেন, “প্রতিশ্রুতি মোতাবেক আপনি ন্যাটো জোটের ব্যয় না বাড়ানোর কারণে অন্যরাও ব্যয় বাড়ান নি; আপনাকে তারা রোল মডেল মনে করেন। এ বিষয়ে শুধুমাত্র মার্কিন সরকারের মধ্যে হতাশা কাজ করছে না বরং তা মার্কিন জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪