শীর্ষ বৈঠকের প্রশংসা করলেন ট্রাম্প ও পুতিন
https://parstoday.ir/bn/news/world-i60106-শীর্ষ_বৈঠকের_প্রশংসা_করলেন_ট্রাম্প_ও_পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের মধ্যকার বৈঠককে গঠনমূলক ও কার্যকর বলে প্রশংসা করেছেন। তারা বলেছেন, আজকের বৈঠক ভবিষ্যতে আরো বৈঠক অনুষ্ঠানের ভিত্তি তৈরি করবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৬, ২০১৮ ১৮:৪৮ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) ও পুতিন
    যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) ও পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের মধ্যকার বৈঠককে গঠনমূলক ও কার্যকর বলে প্রশংসা করেছেন। তারা বলেছেন, আজকের বৈঠক ভবিষ্যতে আরো বৈঠক অনুষ্ঠানের ভিত্তি তৈরি করবে।

বৈঠক শেষে ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলেনে বলেন, “এটা ছিল খুবই গঠনমূলক একটি দিন। আমরা যে কয় ঘণ্টা এক সঙ্গে কাটিয়েছি তা ছিল খুবই গঠনমূলক। আমি নিশ্চিত আমরা ভবিষ্যতে মাঝেমধ্যেই এমন বৈঠকে বসব।”

সংবাদ সম্মেলনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প (বামে) ও পুতিন

বৈঠকের আগে ট্রাম্প আমেরিকা ও রাশিয়ার মধ্যকার শত্রুতামূলক সম্পর্কের সমালোচনা করেন এবং এজন্য তিনি তার দেশের অতীতের ভুল ও বোকামিকে দায়ী করেন। অবশ্য, এজন্য তিনি রাশিয়াকেও দায়ী করেন। আজকের বৈঠকে আরো অনেক আগেই অনুষ্ঠিত হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বর্তমানে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক খুবই খারাপ অবস্থায় রয়েছে তবে চার ঘণ্টা আগে থেকে তার পরিবর্তন হয়েছে।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আজকের বৈঠকের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সব ইস্যুতে গ্রহণযোগ্য মাত্রার আস্থা সৃষ্টি হবে। তিনি বৈঠককে সফল ও উপকারি বলে মন্তব্য করেন। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মলনে পুতিন বলেন, সমঝোতার মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র কাছে দিয়েছে এবং নিজেদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র তুলে ধরেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬