ইদলিব অভিযান: সিরিয়া উপকূলে বাড়ছে রুশ নৌ উপস্থিতি
https://parstoday.ir/bn/news/world-i63879-ইদলিব_অভিযান_সিরিয়া_উপকূলে_বাড়ছে_রুশ_নৌ_উপস্থিতি
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আসন্ন সামরিক অভিযানকে সামনে রেখে ভূমধ্যসাগরের উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৮ ০৯:২১ Asia/Dhaka
  • রাশিয়ার একটি যুদ্ধজাহাজ
    রাশিয়ার একটি যুদ্ধজাহাজ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আসন্ন সামরিক অভিযানকে সামনে রেখে ভূমধ্যসাগরের উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া।

এর অংশ হিসেবে রাশিয়া ভূমধ্যসাগরের উপকূলে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার কোমেরসান্ত পত্রিকা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ইদলিব অভিযানকে সামনে রেখে মস্কো চলতি মাসের প্রথম দিকে দুটি যুদ্ধজাহাজ ও বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে।  

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সেকশন থেকে জানানো হয়েছে, সামরিক শক্তি জোরদার করার লক্ষ্যে কৃষ্ণসাগরের নৌবহর থেকে দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে ভূমধ্যসাগরে। আমেরিকা যখন সিরিয়ায় নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর বের হয়েছে তখন রাশিয়া এ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। 

রুশ পত্রিকা ইজভিস্তিয়া জানিয়েছে, সিরিয়ার পানিসীমায় বর্তমানে ১০টি যুদ্ধজাহাজ ও দুটি সাবমেরিন রয়েছে। ২০১৫ সালে সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে এটাই হচ্ছে সিরিয়ার পানিসীমায় রাশিয়ার সামরিক শক্তির সবচেয়ে বড় উপস্থিতি। পত্রিকাটির খবর অনুসারে, রাশিয়া আরো কয়েকটি যুদ্ধজাহাজাজ পাঠাবে।#

পার্সটুডে/এসআইবি/২৯