প্যারাগুয়েতে দূতাবাস বন্ধ করেছে ইসরাইল; খুলবে তুরস্ক
-
প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস ক্যাস্তিগ্লিওনি
বায়তুল মুকাদ্দাস শহর থেকে প্যারাগুয়ের দূতাবাস সরিয়ে তেল আবিবে নেয়ার প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইল লাতিন আমেরিকার দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। এর পরপরই প্যারাগুয়েতে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে তুরস্ক।
প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস ক্যাস্তিগ্লিওনি আজ (শুক্রবার) জানিয়েছেন, তার দেশের রাজধানী আসুনসিওনে দূতাবাস খোলার কথা জানিয়েছে তুরস্ক। বায়তুল মুকাদ্দাস থেকে তেল আবিবে দূতাবাস ফেরত আনার বিষয়ে প্যারাগুয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি সমর্থন জানাতে তুরস্ক এ পদক্ষেপ নিচ্ছে। এতদিন প্যারাগুয়েতে তুরস্কের কোনো দূতাবাস ছিল না; আসুনসিওন এবং আরেকটি শহরে কন্সুলেট অফিস ছিল।
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট মারিও আবদো সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন যে, বায়তুল মুকাদ্দাস থেকে তার দেশের দূতাবাস তেল আবিবে ফেরত আনা হবে। এর আগে গত মে মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস সরিয়ে নেন। বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার পর পারাগুয়েও একই পথ অনুসরণ করেছিল। তবে প্যারাগুয়েতে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করল। এরপর ইসরাইল ক্ষুব্ধ হয়ে প্যারাগুয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী লুইস ক্যাস্তিগ্লিওনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে টেকসই ও বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে তাতে অবদান রাখতে চায় তার দেশ। জাতিসংঘ অধিবেশনের সময় তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।#
পার্সটুডে/এসআইবি/৭