সিরিয়ার উত্তর অংশে অস্ত্রসমর্পণ করে নি সন্ত্রাসীরা: অবজারভেটরি
সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল থেকে তুর্কি মদদপুষ্ট সন্ত্রাসীরা তাদের সমরাস্ত্র সরিয়ে নিয়েছে বলে যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা। এর পরিবর্তে তারা লাতাকিয়ার উত্তর অংশে এসব অস্ত্র গোপনে মজুদ করছে।
মানবাধিকার বিষয়ক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়া এবং তুরস্কের তত্ত্বাবধানে গঠিত নিরাপদ অঞ্চল থেকে সন্ত্রাসীরা তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরিয়ে নিয়েছে- এমন কোনো নিদর্শন তারা খোঁজে পায় নি। নিরাপদ অঞ্চলের ৭০ ভাগ এলাকা এখনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইদলিবে একটি বেসামরিক বাফার জোন বা নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেন। চুক্তি অনুসারে বাফার জোনে অবস্থান করা তুর্কি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বুধবারের মধ্যে এবং তাকফিরি দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীকে ১৫ অক্টোবরের মধ্যে অস্ত্রসমর্পণ করতে হবে। চুক্তির ফলে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইদলিবে সামরিক অভিযান স্থগিত রেখেছে সিরিয় সেনাবাহিনী। অবজারভেটরি জানিয়েছে, সন্ত্রাসীরা লাতাকিয়ার উত্তর উপকণ্ঠে অবস্থিত বাফার জোনে ভূগর্ভস্থ টানেল খনন করে সেখানে তাদের ভারী অস্ত্র মজুদ করছে এবং সেখান তাদের শক্তি জোরদার করছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন