এখনো রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i65295-এখনো_রোহিঙ্গাদের_বিরুদ্ধে_জাতিগত_শুদ্ধি_অভিযান_চলছে_জাতিসংঘ
মিয়ানমারে এখনো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্রাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ০৬:০০ Asia/Dhaka
  • মারজুকি দারুসমান
    মারজুকি দারুসমান

মিয়ানমারে এখনো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের ফ্রাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর থেকে ব্যাপক আন্তর্জাতিক নিন্দা ও চাপ সত্ত্বেও নির্যাতিত এই জনগোষ্ঠীর ওপর দমনপীড়ন বিন্দুমাত্র বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে ভয়াবহতম নিপীড়ন চালানো হচ্ছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমান (ফাইল ছবি)

তিনি বলেন, “রোহিঙ্গাদের বিরুদ্ধে যে গণহত্যা শুরু হয়েছিল তা বন্ধ হয়নি এবং এই মুহূর্তেও তা চলছে।” ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরো ছয় দেশের অনুরোধে মিয়ানমার বিষয়ক এক বিশেষ অধিবেশনের আগে এসব তথ্য প্রকাশ করেন দারুসমান।

তিনি আরো বলেন, রোহিঙ্গা নারীদের ওপর পদ্ধতিগত গণধর্ষণ ও গণহত্যা চালানো হয়েছে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে বিষয়টিকে চেপে যাওয়ার কারণে এই ভয়াবহ অপরাধ অব্যাহত থেকেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান বলেন, মিয়ানমার সরকারের মাধ্যমে এই জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করা যাবে না বলে এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে কঠোর ব্যবস্থা নিতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫