পাকিস্তানে ইসরাইলি বিমান! ভিত্তিহীন বলছে সরকার
https://parstoday.ir/bn/news/world-i65362-পাকিস্তানে_ইসরাইলি_বিমান!_ভিত্তিহীন_বলছে_সরকার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের একটি বাণিজ্যিক বিমান নেমেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নাকচ করেছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, ইসরাইল কিংবা ভারতের সঙ্গে সরকার কোনো গোপন আলোচনায় বসবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৭, ২০১৮ ১৯:৪০ Asia/Dhaka
  • ইসরাইলের একটি বিমান
    ইসরাইলের একটি বিমান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের একটি বাণিজ্যিক বিমান নেমেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা নাকচ করেছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, ইসরাইল কিংবা ভারতের সঙ্গে সরকার কোনো গোপন আলোচনায় বসবে না।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইসলামাবাদ বিমানবন্দরে ইসরাইলের একটি বিমান নেমেছে। বলা হচ্ছিল- বিমানটি সেখানে ১০ ঘণ্টা অবস্থান করে। ফ্লাইট রাডার নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য ছড়ানো হয়।

এ সম্পর্কে ফাওয়াদ চৌধুরী তার টুইটার অ্যাকাউন্টে বলেন, “আমরা ইসরাইল কিংবা নরেন্দ্র মোদির সঙ্গে গোপন আলোচনায় বসব না।” নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগের নেতা এহসান ইকবাল এ খবরের ব্যাখ্যা দাবি করে টুইটারে পোস্ট দেন। তার বক্তব্যের জবাবে পাক তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে।

ইসরাইলের একজন সাংবাদিক এক টুইটার পোস্টে বলেন, ইসরাইলের একটি বাণিজ্যিক বিমান তেল আবিব থেকে উড়ে ইসলামাবাদ গেছে। ইসলামাবাদ পৌঁছানোর আগে বিমানটি জর্দানের রাজধানী আম্মানে যাত্রা বিরতি করে। অবশ্য, পরে ইসরাইলের ওই সাংবাদিক বলেছেন, বিমানটি ইসলামাবাদে নেমেছে কিনা সে বিষয়ে তিনি একশ ভাগ নিশ্চিত নন।#

পার্সটুডে/এসআইবি/২৭