চীন হচ্ছে আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বড় হুমকি: পম্পেও
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন হচ্ছে তার দেশের জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনকে সব ক্ষেত্রে পিছু হটানোর চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল (বুধবার) এক রেডিও সাক্ষাৎকারে পম্পেও আরো বলেন, ‘স্বাভাবিক জাতি’ হিসেবে আচরণ করার জন্য ওয়াশিংটন বহুভাবে বেইজিংকে বোঝানোর চেষ্টা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক আচরণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলা হয়েছে। পম্পেও অভিযোগ করেন, চীন আমেরিকা থেকে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছে যার আর্থিক মূল্য হাজার হাজার কোটি ডলার।
তিনি বলেন, “আমেরিকার এসব প্রচেষ্টা সত্ত্বেও আমরা মনে করি সম্ভবত চীনই হচ্ছে দীর্ঘমেয়াদে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই প্রথম আমেরিকার কোনো সরকার প্রথম চীনকে পিছু হটানোর জন কাজ করছে এবং আমরা সব ক্ষেত্রেই তা করছি।”
দ্বিপক্ষীয় বাণিজ্য ও দক্ষিণ চীন সাগর নিয়ে যখন চীনের সঙ্গে আমেরিকার মারাত্মক টানাপড়েন চলছে তখন পম্পেও এসব কথা বললেন। সম্প্রতি চীনের বহু পণ্যের ওপর শূল্ক দ্বিগুণ করেছে আমেরিকা। চীনও মার্কিন পণ্যের বিষয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১