সীমান্ত ক্রসিং: অনুষ্ঠানে থাকবেন ২ ভারতীয় মন্ত্রী, স্বাগত জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i66117-সীমান্ত_ক্রসিং_অনুষ্ঠানে_থাকবেন_২_ভারতীয়_মন্ত্রী_স্বাগত_জানাল_পাকিস্তান
পাকিস্তানে কারতারপুর সীমান্ত ক্রসিং নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের দুই জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে নয়া দিল্লি নিশ্চিত করেছে। ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৬, ২০১৮ ০৭:২১ Asia/Dhaka
  • শাহ মাহমুদ কোরেশি
    শাহ মাহমুদ কোরেশি

পাকিস্তানে কারতারপুর সীমান্ত ক্রসিং নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের দুই জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে নয়া দিল্লি নিশ্চিত করেছে। ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

গতকাল (রোববার) তিনি এই ক্রসিং-কে শান্তির উদ্যোগ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানের পক্ষ থেকে শান্তির যে পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ভারত ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।  

আগামী বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্রসিং নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পাক-ভারত এই ক্রসিংটি হচ্ছে চার কিলোমিটার দীর্ঘ একটি করিডোর। এটি পাকিস্তানের কারতারপুর সাহিব গুরুদ্বারকে ভারতের গুরদাসপুর জেলার বাবা নানক ডেরার সঙ্গে সংযোগ প্রতিষ্ঠা করবে। দু’টি এলাকাই শিখ সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে পরিচিত। এই করিডোর দিয়ে শিখ সম্প্রদায়ের মানুষ ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কারতারপুর করিডোরকে বার্লিন দেওয়ালের সঙ্গে তুলনা করে বলেছেন, শান্তি স্থাপনে দুই জার্মানি যখন বার্লিন দেওয়াল ভেঙে এক হতে পারে তখন এই করিডোরও নতুন বার্তা দেবে ভারত এবং পাকিস্তানকে। কারতারপুরের এই করিডর শুধুমাত্র প্রতীকী, এটি দুই দেশের সেতুবন্ধনের কাজ করবে।'‌

পাকিস্তান সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সুষমা বলেছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে যেতে পারবেন না। তিনি পাক পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রী হারসিমরাত কৌর বাদাল এবং হরদীপ সিং পুরী উপস্থিত থাকবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬