খাশোগি বিষয়ে সিনেটরদের ব্রিফিংয়ে হ্যাসপেলকে বাধা দিচ্ছে হোয়াইট হাউজ!
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড বিষয়ে মার্কিন সিনেটরদের সামনে ব্রিফিং করতে সিআইএ'র প্রধান গিনা হ্যাসপেলকে হোয়াইট হাউজ বাধা দিচ্ছে।
গতকাল (মঙ্গলবার) ডেমোক্রেটিক দলের সিনেটর ডিক ডার্বিন সিএনএনকে জানিয়েছেন, "আমাদেরকে জানানো হয়েছে যে জামাল খাশোগির হত্যা বিষয়ে আজ (বুধবার) সব দলের সিনেটরদের ব্রিফিং করতে আসছেন না হ্যাসপেল। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও উপস্থিত থাকার কথা ছিল। তিনি বলেন, "আমরা যখন খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করছি এবং তার হত্যা বিষয়ে যখন পররাষ্ট্র দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলো সুনিশ্চিত তথ্য দিচ্ছে তখন হ্যাসপেলের অনুপস্থিতি এ প্রশ্নের জন্ম দিচ্ছে যে এ বিষয়ে হোয়াইট হাউজ আমাদেরকে প্রকৃত সত্যটি জানাচ্ছে কিনা।" তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ খবরের সত্যতা অস্বীকার করেছেন।

সিআইএ প্রধান হ্যাসপেল খাশোগি হত্যাকাণ্ডের অডিও টেপ ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ অডিও রেকর্ড শুনতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ওই অডিও টেপকে ‘ভয়ঙ্কর ও ঘৃণ্য’ বলে অভিহিত করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন