খাশোগি হত্যার ব্যাপারে সৌদি যুবরাজকে কঠোর বার্তা দিয়েছি: ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i66270-খাশোগি_হত্যার_ব্যাপারে_সৌদি_যুবরাজকে_কঠোর_বার্তা_দিয়েছি_ম্যাকরন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, বুয়েন্সআয়ার্সে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তিনি সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে ইউরোপের পক্ষ থেকে যুবরাজকে ‘কঠোর বার্তা’ দিয়েছেন। গতকাল জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৮ ০৩:১৯ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাকরন
    ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, বুয়েন্সআয়ার্সে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তিনি সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে ইউরোপের পক্ষ থেকে যুবরাজকে ‘কঠোর বার্তা’ দিয়েছেন। গতকাল জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ম্যাকরন বলেন, ইউরোপ যে খাশোগি হত্যার ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চায় সে বিষয়টি তিনি বিন সালমানের সামনে তুলে ধরেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে স্পষ্ট ভাষায় বলেন, খাশোগি হত্যার ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত হতে হবে।

জামাল খাশোগি

সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন। সৌদি সরকার ১৭ দিন ধরে খাশোগির অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করার পর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে ১৯ অক্টোবর স্বীকার করে যে, খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে।

সৌদি সরকারের হাতে আটক ও খুন হওয়ার আশঙ্কায় স্বেচ্ছায় দেশত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন জামাল খাশোগি। কিন্তু শেষ পর্যন্ত তাকে সৌদি কনস্যুলেটের মধ্যেই সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের হাতে নির্মমভাবে নিহত হতে হয়।

হত্যাকাণ্ডের দায়ে এক ডজনেরও বেশি সৌদি কর্মকর্তাকে আটক করা হলেও তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা তাদের হাতে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতে বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সরাসরি নির্দেশে খুন হন জামাল খাশোগি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২