‘ইউক্রেনে পাশ্চাত্যপন্থিরা ক্ষমতায় থাকলে সংঘাত শেষ হবে না’
https://parstoday.ir/bn/news/world-i66272-ইউক্রেনে_পাশ্চাত্যপন্থিরা_ক্ষমতায়_থাকলে_সংঘাত_শেষ_হবে_না’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পাশ্চাত্যপন্থি একদল রাজনীতিবিদ যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৮ ০৪:৫২ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পাশ্চাত্যপন্থি একদল রাজনীতিবিদ যতদিন ইউক্রেন শাসন করবে ততদিন দেশটির সঙ্গে রাশিয়ার সংঘাতের অবসান হবে না। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার জি২০ শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান পুতিন।

পুতিন দাবি করেন, ইউক্রেনের শাসনগোষ্ঠী শান্তিপূর্ণ উপায়ে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের অবসান চান না। রুশ প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেন, “ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত অবসানে আগ্রহী নয়। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সংঘাত চলবে।”

প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, গত সপ্তাহে আজোভ সাগর থেকে আটক ইউক্রেনের তিন জাহাজ ও এর নাবিকদের মুক্তির  ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যেন চেষ্টা না চালায়। তিনি বলেন, আলোচনা করে ইউক্রেনের এসব নাবিককে মুক্ত করা যাবে না। আদালতে বিষয়টির নিস্পত্তি হতে হবে।

নাবিকসহ ইউক্রেনের এই তিন জাহাজ আটক করে নিয়ে এসেছে রাশিয়া

গত ২৫ নভেম্বর ক্রিমিয়া উপকূলে রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়ার অভিযোগ করে ইউক্রেনের তিন জাহাজ জব্দ করে মস্কো। ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটিকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করেন নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ও এর পৃষ্ঠপোষক পশ্চিমা সরকারগুলো কখনোই রাশিয়ার এ পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি।  

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক নৌসংঘর্ষের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বপরিকল্পিত বৈঠক বাতিল করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২