হুয়াওয়ের নির্বাহীকে মুক্তি দিন নইলে ভিন্ন পরিণতি: কানাডাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i66447-হুয়াওয়ের_নির্বাহীকে_মুক্তি_দিন_নইলে_ভিন্ন_পরিণতি_কানাডাকে_চীন
চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শেং ওয়ানঝুকে মুক্তি দেয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার। বেইজিং সতর্ক করে বলেছে, মুক্তি না দিলে কানাডাকে ভিন্ন পরিণতি বরণ করতে হবে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৮ ১৭:৫১ Asia/Dhaka
  • হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শেং ওয়ানঝু
    হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শেং ওয়ানঝু

চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শেং ওয়ানঝুকে মুক্তি দেয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার। বেইজিং সতর্ক করে বলেছে, মুক্তি না দিলে কানাডাকে ভিন্ন পরিণতি বরণ করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, “আটক ব্যক্তিকে মুক্তি ও তার আইনগত এবং বৈধ অধিকার রক্ষার জন্য চীন কানাডার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে, অন্যথায় কানাডাকে মারাত্মক পরিণতির জন্য সম্পূর্ণ দায়দায়িত্ব নিতে হবে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং বেইজিংয়ে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। ইউচেং বলেছেন, হুয়াওয়ের নির্বাহীকে আটক করে কানাডা সরকার চরমভাবে আইন লঙ্ঘন ও অত্যন্ত নোংরা কাজ করেছে। তিনি আরো বলেছেন, আমেরিকার দাবির কারণে মেংকে আটক করা হয়েছে।

শুক্রবার মেংকে শুনানির জন্য আদালতে তোলা হয় এবং ছয় ঘণ্টা শুনানির পর সোমবার পর্যন্ত তা মূলতবি করা হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে একটি প্রতিষ্ঠান কিছু যন্ত্রপাতি বিক্রির চেষ্টা করছে যার সঙ্গে হুয়াওয়ের সম্পর্ক রয়েছে- এমন অভিযোগ এনে কানাডার ভাংকুভার থেকে শেং ওয়ানঝুকে কয়েকদিন আগে আটক করা হয়।#  

পার্সটুডে/এসআইবি/৯