ভেনিজুয়েলায় বোমারু বিমান: মার্কিন সমালোচনা পাত্তা দিচ্ছে না রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i66503-ভেনিজুয়েলায়_বোমারু_বিমান_মার্কিন_সমালোচনা_পাত্তা_দিচ্ছে_না_রাশিয়া
ভেনিজুয়েলায় দুটি টিইউ-১৬০ কৌশলগত পরমাণু বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে আমেরিকা সমালোচনা শুরু করেছে তবে তা পাত্তা দিচ্ছে না রাশিয়া। গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার টুইটার আকাউন্টে রুশ পদক্ষেপকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন। তিনি রাশিয়া ও ভেনিজুয়েলার সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও উল্লেখ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৮ ১৫:২১ Asia/Dhaka
  • টিইউ-১৬০ কৌশলগত পরমাণু বোমারু বিমান
    টিইউ-১৬০ কৌশলগত পরমাণু বোমারু বিমান

ভেনিজুয়েলায় দুটি টিইউ-১৬০ কৌশলগত পরমাণু বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে আমেরিকা সমালোচনা শুরু করেছে তবে তা পাত্তা দিচ্ছে না রাশিয়া। গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার টুইটার আকাউন্টে রুশ পদক্ষেপকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন। তিনি রাশিয়া ও ভেনিজুয়েলার সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও উল্লেখ করেন।

পম্পেওর এসব মন্তব্যের সমালোচনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সাংবাদিকদের বলেছেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যথার্থ নয়। আমরা তার বক্তব্যকে সম্পূর্ণভাবে অন্যায্য বলে মনে করছি।”

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মাদুরোর  বৈঠক

রাশিয়া হচ্ছে ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ মিত্র দেশ। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের দাম কমে যাওয়া ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংকটে পড়েছেন। এ সংকট থেকে মুক্তি পেতে তিনি রাশিয়ার সমর্থন চেয়েছেন। গত সপ্তাহে মাদুরো মস্কো সফর করেন।

তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার তিনি জানান, তেল উত্তোলন খাতে ৫০০ কোটি ডলার ও খনি খাতে আরো ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে রাশিয়া। এরপরই রাশিয়া গতকাল ভেনিজুয়েলায় পরমাণু বোমারু বিমান পাঠায়।#

পার্সটুডে/এসআইবি/১১