হুয়াওয়ের কর্মকর্তাকে দেশে ফিরতে দিন: কানাডার প্রতি চীন
https://parstoday.ir/bn/news/world-i67683-হুয়াওয়ের_কর্মকর্তাকে_দেশে_ফিরতে_দিন_কানাডার_প্রতি_চীন
চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘটনাকে গুুরুত্বই দিচ্ছে না বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • হুয়াওয়ের কর্মকর্তাকে দেশে ফিরতে দিন: কানাডার প্রতি চীন

চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘটনাকে গুুরুত্বই দিচ্ছে না বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

তবে তিনি চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিনিয়র নির্বাহী মেং ওয়াংঝু’র ওপর আরোপিত সীমাবদ্ধতা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। মেং ওয়াংঝু’কে আমেরিকার কাছে হস্তান্তর প্রসঙ্গে ম্যাককালাম বিতর্কিত মন্তব্য করার পর তাকে সরিয়ে দেয়া হয়।

গত বছরের ডিসেম্বর মাসের গোড়ার দিকে আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে কানাডার পুলিশ মেং ওয়াংঝুকে আটক করার পর চীনের সঙ্গে কানাডা ও আমেরিকার সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ওয়াংঝুকে আমেরিকার হাতে তুলে দেয়ার প্রস্তাব বিবেচনায় রেখেছে কানাডা। হুয়াওয়ে এবং ওয়াংঝু নিষেধাজ্ঞা লঙ্ঘনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

গত মঙ্গলবার প্রথম ম্যাককালামের যে বক্তব্যটি বিতর্কের সৃষ্টি করে তা হলো, তিনি ওয়াংঝুকে গ্রেফতার ও তাকে আমেরিকার কাছে হস্তান্তরের বিষয়টিকে আইনের দৃষ্টিতে অত্যন্ত নড়বড়ে বলে মন্তব্য করেন।পরের দিন তিনি তার ওই বক্তব্যকে ভুল হিসেবে আখ্যায়িত করে এর ফলে ‘দ্বিধাদ্বন্দ্ব’ তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

কিন্তু শুক্রবার তিনি আবার একই প্রসঙ্গের অবতারণা করে বলেন, আমেরিকা যদি ওয়াংঝুকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাহার করে তাহলে তা হবে কানাডার জন্য বড় পাওয়া।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮