চীনে গাধা রপ্তানি করে লাখ লাখ ডলার আয় করবে পাকিস্তান
-
গাধা উৎপাদনের একটি বাণিজ্যিক ফার্ম
চীনের কাছে গাধা রপ্তানি করা শুরু করবে এই পশু উপপাদনের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানের অধিকারী দেশ পাকিস্তান।আর এই খাত থেকে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয় করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে গাধার চামড়া ব্যবহৃত হয় বলে দেশটিতে এই পশুর দাম বেশ চড়া। গাধার চামড়াজাত গিলেটিন বহুকাল ধরে চীনে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। চীনারা মনে করে, মানবদেহে রক্তের পুষ্টিমান ঠিক রেখে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে গিলেটিন কার্যকর ভূমিকা পালন করে।
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পশুসম্পদ বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গাধা রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই বিভাগ প্রদেশে গাধা প্রতিপালনের জন্য অসংখ্য ফার্ম নির্মাণ করবে।
গাধার উৎপাদন বাড়ানোর জন্য সম্প্রতি লাহোরে একটি বিশাল ফার্ম খোলা হয়েছে। এ ছাড়া, বিদেশি পুজি বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের ডেরা ইসমাইল খান ও মানসেহরা এলাকায় আরো দু’টি ফার্ম নির্মাণের কাজ চলছে।
পাকিস্তান সরকার বলছে, দেশটিতে বাণিজ্যিকভাবে গাধা উৎপাদনের জন্য একাধিক বিদেশি কোম্পানি ৩০০ কোটি ডলারের পুজি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানআগামী তিন বছরে চীনে ৮০ হাজার গাধা রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জিও টিভি জানিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩