আর্মেনীয়দের বিরুদ্ধে ‘গণহত্যা’: ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i67994-আর্মেনীয়দের_বিরুদ্ধে_গণহত্যা’_ফ্রান্সের_বিরুদ্ধে_প্রতিবাদ_জানাল_তুরস্ক
প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর কথিত গণহত্যাকে স্মরণ করে ফ্রান্স সরকার শোকদিবস পালনের যে ঘোষণা দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৪:৩২ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়
    তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর কথিত গণহত্যাকে স্মরণ করে ফ্রান্স সরকার শোকদিবস পালনের যে ঘোষণা দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি অ্যাক্সিভ বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার দেশের আর্মেনীয় জনগোষ্ঠীর ভোট পাওয়ার লক্ষ্যে ১০০ বছরেরও পুরনো একটি ইস্যুকে চাঙ্গা করছেন। তিনি আরো বলেন, ১৯১৫ সালের ওই ঘটনাকে আইন, ইতিহাস ও অ্যাকাডেমিক দিক দিয়ে গবেষণা করে দেখতে হবে। শুধু তুর্কি সরকারের চালানো গণহত্যা হিসেবে দেখলে চলবে না।

ওই মুখপাত্র বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাটিকে তুর্কি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এটি নিয়ে গবেষণার জন্য আর্মেনীয় ও তুর্কি ইতিহাসবিদদের সমন্বয়ে একটি যৌথ কমিটি করার কথা বিবেচনা করছে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন

ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন গত মঙ্গলবার ঘোষণা করেন, ১৯১৫ সালে তুরস্কের আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর দেশটির তৎকালীন ওসমানীয় সরকারের চালানো গণহত্যাকে স্মরণে রাখতে প্রতি বছর ২৪ এপ্রিল ফ্রান্সে শোকদিবস উদযাপন করা হবে।

প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় ওসমানীয় সাম্রাজ্যের পতনের আগ মুহূর্তে তুরস্কের আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয়।

কোনো কোনো ইউরোপীয় দেশ এই গণহত্যাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে অভিহিত করলেও তুরস্ক সরকার তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০