ভারতের অভিযোগের প্রমাণ চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i68386-ভারতের_অভিযোগের_প্রমাণ_চাইলেন_পাকিস্তানের_প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনীর বহরে সন্ত্রাসী হামলায় তার দেশের জড়িত থাকার প্রমাণ দিতে নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, প্রমাণ পেলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:৩৭ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনীর বহরে সন্ত্রাসী হামলায় তার দেশের জড়িত থাকার প্রমাণ দিতে নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, প্রমাণ পেলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কাশ্মিরের পুলওয়ামায় যে হামলা হয়েছে সেটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ দিলে ইসলামাবাদ দ্রুততম সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের মূলোৎপাটন করবে বলে তিনি জানান। এর আগেও ইমরান খান হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করে নি বলে ইসলামাবাদ জানিয়েছে। 

তবে ভারত দাবি করছে মাওলানা মাসুদ আজহার পাকিস্তানে থাকে। আর তার সংগঠন জইশে মুহাম্মদ হামলার দায় স্বীকার করেছে। এ থেকেই প্রমানিত হয় এর সঙ্গে পাকিস্তান জড়িত। 

গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে এক হামলায় ভারতের নিরাপত্তা বাহিনী সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশে মুহাম্মদ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন