ভেনিজুয়েলা সংকট নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
ভেনিজুয়েলা সংকট নিরসনে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে মস্কোর এ প্রস্তুতির কথা ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে ওয়াশিংটন মস্কোর সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছিল তাতে রাশিয়ার সম্মতি রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, ভেনিজুয়েলার রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে অন্য কারো নয়। এ বিষয়টি সকল পক্ষকে মেনে নিতে হবে।
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইডো গত ২৩ জানুয়ারি আমেরিকা ও তার মিত্রদের প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে চলমান রাজনৈতিক সংকট শুরু হয়। ভেনিজুয়েলা সরকার ওই ঘোষণাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে।
গুয়াইডোর প্রতি আমেরিকার সমর্থন থাকা সত্ত্বেও দেশটির জনগণ ও সেনাবাহিনী প্রেসিডেন্ট মাদুরোর পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি চীন, মেক্সিকো, রাশিয়া, তুরস্ক ও ইরানসহ আরো বহু দেশ মাদুরোর নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪