ভেনিজুয়েলায় আরো রুশ সেনা আসতে পারে: উপ পররাষ্ট্রমন্ত্রী
-
রুশ সেনাবাহিনী
ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, তিনি তার দেশে আরো বেশি রুশ সেনা আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কারাকাস ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তির উদ্ধৃতি দিয়ে তিনি এ মন্তব্য করেন।
২০০১ সালে রাশিয়া ও ভেনিজুয়েলার মধ্যে স্বাক্ষরিত এক সামরিক সহযোগিতা চুক্তির আওতায় সম্প্রতি দু’টি বিমানে করে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে মস্কো। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল স্থানীয় সময় বৃহস্পতিবার আরো জানিয়েছেন, রাশিয়ার সেনারা ‘যতদিন প্রয়োজন’ ততদিন তার দেশে অবস্থান করবে এবং এজন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
গত ২৮ মার্চ রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভেনিজুয়েলায় রাশিয়ার অস্ত্র সরবরাহ করার জন্য রুশ সেনারা ল্যাতিন আমেরিকার দেশটিতে অবস্থান করছে। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অভিপ্রায় রাশিয়ার নেই বলে দাবি করেন পেসকভ।
এ ছাড়া, গতমাসের শেষদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রোসোবোরোনএক্সপোর্ট’ ঘোষণা করে, তারা ভেনিজুয়েলায় সামরিক হেলিকপ্টারের জন্য একটি প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে।
গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার মার্কিন-সমর্থিত বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করার পর থেকে দেশটিতে নজিরবিহীন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৫ বছর বয়সি গুয়াইদো’কে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’কে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এ ছাড়া, মাদুরো সরকারকে উৎখাতের জন্য নিষেধাজ্ঞা আরোপসহ সব ধরনের চাপ প্রয়োগ করে যাচ্ছে ওয়াশিংটন। ভেনিজুয়েলার তেলের টাকা আটকে দিয়ে ট্রাম্প প্রশাসন বলেছে, এই অর্থ গুয়াইদো’কে হস্তান্তর করা হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৫