চাভুসওগ্লু-পম্পেও বৈঠক সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আমেরিকা: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i69351-চাভুসওগ্লু_পম্পেও_বৈঠক_সম্পর্কে_মিথ্যা_তথ্য_ছড়াচ্ছে_আমেরিকা_তুরস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লু'র সাম্প্রতিক বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছে তাকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৫, ২০১৯ ০৬:০৬ Asia/Dhaka
  • (বামে) মেভলুত চাভুসওগ্লু (ডানে) মাইক পম্পেও
    (বামে) মেভলুত চাভুসওগ্লু (ডানে) মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লু'র সাম্প্রতিক বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছে তাকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, “আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য বিবরণী প্রকাশ করেছে তা নিঃসন্দেহে চাভুসওগ্লু ও পম্পেও’র মধ্যে সাক্ষাতের আগেই তৈরি করে রাখা হয়েছিল। কারণ, এতে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু যেমন প্রকাশিত হয়নি তেমনি এমন কিছু কথা জানানো হয়েছে যা নিয়ে পম্পেও’র সঙ্গে কোনো কথাই বলেননি চাভুসওগ্লু।”

আকসয় আরো বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে এ ধরনের ভুল তথ্য প্রকাশ করেছে এবং আঙ্কারার পক্ষ থেকে প্রতিবাদ জানানো পর এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে, পরবর্তীতে ‘অত্যন্ত সাবধানতার সঙ্গে’ এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধ করা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাটোর সদস্যদেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেন। তিনি সেখানে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করেন। ৪০ মিনিটের ওই বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করল আঙ্কারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পম্পেও ওই বৈঠকে তুরস্ককে এই বলে হুঁশিয়ার করে দিয়েছেন যে, তুরস্ক যদি সিরিয়ায় আবার সামরিক অভিযান চালায় তাহলে আঙ্কারাকে ‘ভয়াবহ পরিণতি’র মুখোমুখি হতে হবে। এ ছাড়া, পম্পেও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করার জন্য চাভুসওগ্লু'র প্রতি আহ্বান জানিয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৫