‘এস-৪০০ সংগ্রহ করবই’: মার্কিন হুমকি প্রত্যাখ্যান করলেন এরদোগান
-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য অর্থ প্রদান অব্যাহত রেখেছে তার দেশ। ওই ব্যবস্থা কিনলে আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি দেশটির ন্যাটো সদস্যপদ বাতিল করা হবে বলে আমেরিকা হুমকি দেয়া সত্ত্বেও এ ঘোষণা দিলেন এরদোগান।
তিনি শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, “আমাদের আলোচনায় এস-৪০০ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ ব্যাপারে আমেরিকা যে প্রতিবাদ জানাচ্ছে তা মারাত্মক অন্যায়। আমরা এস-৪০০ কেনার বিষয়টি চূড়ান্ত করেছি এবং এজন্য মস্কোকে অর্থ প্রদান অব্যাহত রয়েছে।”
আমেরিকা বিকল্প হিসেবে নিজের প্যাট্রিয়ট ব্যবস্থা আঙ্কারার কাছে বিক্রির প্রস্তাব দিয়ে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এস-৪০০’র সঙ্গে যেসব সুবিধা পাওয়া যাচ্ছে প্যাট্রিয়ট ব্যবস্থা বিক্রির প্রস্তাবে সেসব সুবিধা দেয়ার কথা বলেনি ওয়াশিংটন।
আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ এ সম্পর্কে মস্কোয় সাংবাদিকদের বলেন, আসন্ন শীর্ষ বৈঠকে আঙ্কারাকে এস-৪০০ সরবরাহ করা নিয়ে আলোচনা হবে।
এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বৃহস্পতিবার ওয়াশিংটনে জানান, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার বিষয়টি ‘সম্পন্ন হয়ে গেছে’ বলে ধরে নিতে হবে এবং এটি বাতিল করার আর কোনো সুযোগ নেই।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৬