'রুশ গুপ্তচর'কে কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যা বললেন প্রেসিডেন্ট পুতিন
-
মারিয়া বুতিনা
একটি মার্কিন আদালতের পক্ষ থেকে রাশিয়ার একজন নারীকে ১৮ বছরের কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মার্কিন আদালতের রায়কে ‘হাস্যকর’ আখ্যায়িত করে বলেছেন, “ওই রুশ নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে না পেরে তাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়ে নিজের সম্মান রক্ষার চেষ্টা করেছে মার্কিন আদালত।”
আমেরিকার একটি ফেডারেল আদালত সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন রুশ নারীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রুশ নাগরিক ‘মারিয়া বুতিনা’ আমেরিকার রাজনৈতিক দলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং এজন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হলো।
সিল্ক রোড বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে চীন সফররত রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল (শনিবার) বুতিনাকে কারাদণ্ড দেয়ার ব্যাপারে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “শেষ পর্যন্ত বোঝা গেল না তিনি (মারিয়া বুতিনা) কোন দোষে দোষী সাব্যস্ত হলেন এবং তার অপরাধ কি ছিল।”
পুতিন আরো বলেন, “আমার মনে হয় এটি নিজের সম্মান রক্ষা করার ক্ষেত্রে একটি স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। মার্কিনীরা এই মেয়েটিকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করা যায়নি। এ অবস্থায় তাকে আটকের ঘটনা যাতে শিশুসুলভ প্রমাণিত না হয় সেজন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়ে দাবি করা হচ্ছে যে, তিনি কোনো একটা অপরাধ করেছে।”
রাশিয়ার এই নারী আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেও তিনি কারাগারে আটক থাকা অবস্থায় মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা করে, তিনি জিজ্ঞাসাবাদে রুশ সরকারের এজেন্ট হিসেবে তৎপরতা চালানোর কথা স্বীকার করেছেন।
রাশিয়া শুরু থেকেই মারিয়া বুতিনাকে দেশটির একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে তাকে মুক্তি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৮