ইরানি তেল রপ্তানিতে ছাড়ের মেয়াদ শেষ হলেও উত্তোলন বাড়াবে না রাশিয়া
-
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ১০টি দেশের জন্য দেয়া ছাড়ের মেয়াদ শেষ হলেও শিগগিরি তেল উত্তোলন বাড়াবে না রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে আন্তর্জাতিক একটি সম্মেলনের অবকাশে একথা বলেন।
তিনি বলেন, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মস্কো একটি নির্দিষ্ট মাত্রায় তেল উত্তোলন করতে অঙ্গীকারাবদ্ধ। ইরানি তেল কেনার বিষয়ে আগামী মাসে আমেরিকার দেয়া ছাড়ের মেয়াদ শেষ হবে।
পুতিন সাংবাদিকদের বলেন, “শুধু চীনা নয় বরং সবার তেলের চাহিদা মেটাতে প্রস্তুত রয়েছে মস্কো। বর্তমানে প্রতিদিন আমরা ১৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করছি এবং এর চেয়ে বেশি উত্তোলন করতে পারি। আমাদের আরো সম্ভাবনা রয়েছে। কিন্তু জুলাই মাস পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় তেল উত্তোলন করার বিষয়ে ওপেকের কাছে আমাদের প্রতিশ্রুতি রয়েছে।”
গত ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ১ মে হতে ইরানের কাছ থেকে ক্রেতারা কোনো তেল কিনতে পারবে না। যেসব দেশ ইরান থেকে তেল কিনবে তাদেরকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
এর আগে গত অক্টোবর মাসে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। তবে আন্তর্জাতিক চাপের মুখে ১০টি দেশকে ছয় মাসের জন্য ইরান থেকে তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করে মার্কিন প্রশাসন।#
পার্সটুডে/এসআইবি/২৮