মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পন নয়; এস-৪০০ কিনবই: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i70144-মার্কিন_নিষেধাজ্ঞার_কাছে_আত্মসমর্পন_নয়_এস_৪০০_কিনবই_তুরস্ক
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই দৃঢ় সংকল্প ব্যক্ত করের বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পন করবে না। তিনি তুরস্কের ৭ নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই প্রত্যয় ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৯ ০৩:৪৪ Asia/Dhaka
  • মস্কোয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া (ফাইল ছবি)
    মস্কোয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া (ফাইল ছবি)

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই দৃঢ় সংকল্প ব্যক্ত করের বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পন করবে না। তিনি তুরস্কের ৭ নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই প্রত্যয় ব্যক্ত করেন।

তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেন, এস-৪০০ ইস্যুতে আমেরিকার আপত্তি অযৌক্তিক এবং আঙ্কারা এই আপত্তি আমলে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের জাতীয় স্বার্থে যখন একবার এস-৪০০ কেনার সিদ্ধান্ত হয়ে গেছে তখন তা থেকে আর পিছপা হবে না আঙ্কারা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই

রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল না করলে মার্কিন সরকার আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করবে না বলে ওয়াশিংটন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করার দু’দিন পর ওকতাই এ বক্তব্য দিলেন। শুক্রবার মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান তুর্কি সরকারের প্রতি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে তিনি এফ-৩৫ নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন।

এদিকে, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত হাই-টেক শিল্পপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ গত ২ মে বলেছেন, আমেরিকা তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করতে অস্বীকৃতি জানালে রাশিয়া আঙ্কারাকে সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

সের্গেই চেমাজোভ

তিনি বলেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান (এসইউ-৫৭) অত্যাধুনিক মান বজায় রেখেছে এবং রপ্তানিযোগ্য সমরাস্ত্রের যোগ্যতা অর্জন করেছে। চেমাজোভ বলেন, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এসইউ-৫৭ যুদ্ধবিমানের প্রযুক্তিও তুরস্ককে সরবরাহ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রোসটেক কর্পোরেশনের প্রধান বলেন, “তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো।”#

পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/৬