ইরানের সময়সীমা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন
-
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
তেল এবং ব্যাংকিং খাতের বিষয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইরান পরমাণু সমঝোতায় সই করা দেশগুলোকে ৬০ দিনের যে সময়সীমা বেধে দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউরোপীয় জোট এখনো পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছে।
পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার বিষয়ে ইরান গতকাল যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সে সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আজ (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের একতরফাভাবে বের হয়ে যাওয়া এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ইরান গতকাল ওই সিদ্ধান্ত ঘোষণা করে।
এ সম্পর্কে মোগেরিনি বলেন, “যেকোনো ধরনের সময়সীমা আমরা প্রত্যাখ্যান করছি। পরমাণু সংক্রান্ত ইরানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দেশটির সহযোগিতা সম্পর্কে আমরা পর্যালোচনা করে দেখব।”
ইরানের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি মার্কিন ডলার এড়িয়ে ইরানের সঙ্গে বৈধ চ্যানেলে লেনদেন করার জন্য ইনসটেক্স চালুর প্রচেষ্টা জোরদার করা হবে বলেও তিনি জানিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/৯