পরমাণু সমঝোতা বাস্তবায়নই উত্তেজনা প্রশমনের প্রধান উপায়: চীন
https://parstoday.ir/bn/news/world-i70939-পরমাণু_সমঝোতা_বাস্তবায়নই_উত্তেজনা_প্রশমনের_প্রধান_উপায়_চীন
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি নিজের পূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করেছে চীন। একই সঙ্গে দেশটি বলেছে, এ সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমন করা সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৯ ০১:০২ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি নিজের পূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করেছে চীন। একই সঙ্গে দেশটি বলেছে, এ সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমন করা সম্ভব।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবে যেমন পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে তেমনি এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারলে উত্তেজনা প্রশমনের পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যারও সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, এ সমঝোতার প্রতি চীন পূর্ণ প্রতিশ্রুতিশীল রয়েছে এবং এটির বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বেইজিং।

ভিয়েনায় আইএইএ'র সদরদপ্তর

২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে কিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সে সংক্রান্ত সর্বশেষ যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে শুয়াং এসব কথা বলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আইএইএ ১৫তম বারের মতো একথা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। তিনি আরো বলেন, এ প্রতিবেদন থেকে একথাও প্রমাণিত হয়েছে যে, আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে পারছে যা চীনের জন্য উৎসাহব্যাঞ্জক।

গত শুক্রবার আইএইএ’র মহাসচিব ইউকিয়া আমানো তার ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভেতরে থেকেই নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪