জার্মান পররাষ্ট্রমন্ত্রীও আসছেন তেহরানে: উদ্দেশ্য পরমাণু সমঝোতা 'বাঁচানো'
-
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিইকো মাস
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিইকো মাস ইরানের পরমাণু সমঝোতা রক্ষার বিষয় নিয়ে কথা বলতে আগামী সপ্তায় তেহরানে আসছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ খবর দেয়া হয়েছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া অ্যাডেবাহ্র গতকাল বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাস আগামী সোমবার তেহরানে আসবেন এবং তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এই সফরের আয়োজন করা হয়েছে বলে মারিয়া জানান। মাস এ সফর নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গেও সম্প্রতি আলোচনা করেছেন।
ইরান-মার্কিন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেও ইরান সফরে আসবেন বলে কথা রয়েছে। মার্কিন সরকার ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে সম্প্রতি তেহরানের কাছে প্রস্তাব দিয়েছে। কিন্তু ইরান আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছে।
ইরান তার পরমাণু সংক্রান্ত আন্তর্জাতিক সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। মার্কিন সরকার এক বছর আগে ওই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। #
পার্সটুডে/এমএএইচ/৭