আফগানিস্তানে তালেবানের মর্টার হামলায় নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i71766-আফগানিস্তানে_তালেবানের_মর্টার_হামলায়_নিহত_১৪
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০৬, ২০১৯ ১৮:৪৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে বিস্ফোরণের দৃশ্য (ফাইল ফটো)
    আফগানিস্তানে বিস্ফোরণের দৃশ্য (ফাইল ফটো)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াব প্রদেশের 'খাজা সাব্‌যপুশ' জেলার ওই  মার্কেটটি সেনাবাহিনীর একটি চেকপয়েন্টের কাছে অবস্থিত। তালেবান ওই চেকপয়েন্ট লক্ষ্য করে মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।  

এদিকে, তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়েছে। এমন সময় এই মর্টার হামলার ঘটনা ঘটল যখন আফগান সরকারকে বাইরে রেখে কাতারের দোহায় তালেবানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে আমেরিকা।

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে আগ্রাসন চালায়। তারা তখন দাবি করেছিল, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে। তবে এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে নি। আফগানরা সেদেশে মার্কিন সেনা উপস্থিতিকেই অশান্তির মূল কারণ বলে মনে করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।