‘সিরিয়ার সঙ্গে সহযোগিতাকে আরো সম্প্রসারিত করবে ইরান’
সিরিয়ার সঙ্গে বিরাজমান সহযোগিতাকে আরো সম্প্রসারিত করবে বলে ঘোষণা করেছে ইরান। সিরিয়ায় সফলভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে স্বাগত জানিয়ে ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলি লারিজানি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দামেস্কের সঙ্গে বিরাজমান ঘনিষ্ঠ এবং নিবিড় সহযোগিতাকে আরো সম্প্রসারিত করবে তেহরান।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে ইরানের সম্পর্ককে আরো নিবিড় করা হবে বলে জানান তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ সব কথা বলেন তিনি।
লারিজানি বলেন, নির্বাচনে ব্যাপক অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আসাদের প্রতি সিরিয়ার জনগণের দৃঢ় সমর্থন প্রকাশ পেয়েছে। নির্বাচনের জনগণের ব্যাপক অংশগ্রহণ ঠেকাতে ব্যর্থ চেষ্টা করেছে সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠীগুলো। তিনি বলেন, ব্যাপক রাজনৈতিক, মনস্তাত্ত্বিক এবং নিরাপত্তা সংক্রান্ত চাপ সত্ত্বেও জনগণ ব্যাপকভাবে সিরিয়ার নির্বাচনে অংশ গ্রহণ করেছে।
লারিজানি আরো বলেন, আসাদকে সিরিয়ার জনগণ প্রতিরোধে এবং স্বাধীনতা প্রতীক হিসেবে গণ্য করে। সন্ত্রাসী এবং উগ্রবাদী গোষ্ঠীগুলো শিগগিরই চূড়ান্তভাবে পরাজিত হবে বলেও একই সঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লারিজানি।#
মূসা রেজা/১৮