পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় আইআরজিসি'র ২ সেনা শহীদ
-
আইআরজিসি\'র কয়েকজন সদস্য
পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র দুই সেনা শহীদ হয়েছেন। এ সময় আরও দুই সেনা আহত হন। আজ (রোববার) পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের সারাভান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর আগে চলতি জুলাই মাসের শুরুতে ইরাক সীমান্তবর্তী পশ্চিম আযারবাইজান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আইআরজিসি'র তিন সদস্য শহীদ হন। ওই ঘটনার পর আইআরজিসি ইরাকে সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরাকে তৎপর সন্ত্রাসীরা মাঝেমধ্যেই ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এ কারণে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিবেশী দেশগুলোকে সন্ত্রাস নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে। এরইমধ্যে পাকিস্তান এ লক্ষ্যে ইরান সীমান্তে ৯৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বেড়া নির্মাণের কাজ শুরু করেছে।
ইরান এর আগে বলেছে, সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা প্রয়োজনে প্রতিবেশী দেশে অবস্থিত সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালাতে দ্বিধা করবে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।