ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভালে গুলিতে নিহত ৪, ট্রাম্পের টুইট
https://parstoday.ir/bn/news/world-i72351-ক্যালিফোর্নিয়ায়_ফুড_ফেস্টিভালে_গুলিতে_নিহত_৪_ট্রাম্পের_টুইট
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গিলরয় শহরে একটি ফুড ফেস্টিভালে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ চারজন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ০৯:০৩ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভালে গুলিতে নিহত ৪, ট্রাম্পের টুইট

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গিলরয় শহরে একটি ফুড ফেস্টিভালে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ চারজন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকেলে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিন দিনব্যাপী গার্লিক ফেস্টিভালের একেবারে শেষ সময়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরেই সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন গিলরয় শহরের পুলিশপ্রধান স্কট স্মিথ।

জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি মধ্য ত্রিশের একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে। একটি ভিডিওতে এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়: হচ্ছেটা কী? একটা রসুন উৎসবে কে গুলি করতে পারে?

ভাইরাল হওয়া ভিডিও থেকে বোঝা যাচ্ছে, অনেক বেশি শব্দে গান বাজানোর কারণে  গুলির আওয়াজ স্পষ্ট শোনা যায়নি। অংশগ্রহণকারীদের হুড়োহুড়ি দেখেই গোটা পরিস্থিতিটি বুঝতে পারে উৎসবে অংশগ্রহণকারীরা 

এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটবার্তায় বলেছেন, এটি আতঙ্কজনক একটি ঘটনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

আহতদের স্থানীয় সান্টা ক্লারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।