তালেবানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে কাবুলের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i72509-তালেবানের_সঙ্গে_আমেরিকার_সম্ভাব্য_চুক্তি_নিয়ে_কাবুলের_উদ্বেগ
আফগানিস্তানের উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ। কাতারের রাজধানী দোহায় যখন তালেবানের সঙ্গে আমেরিকার অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে তখন এ উদ্বেগ প্রকাশ করলেন আফগান সংসদ সদস্যরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৯ ০৪:৩৮ Asia/Dhaka
  • আফগান পার্লামেন্টের অধিবেশন (ফাইল ছবি)
    আফগান পার্লামেন্টের অধিবেশন (ফাইল ছবি)

আফগানিস্তানের উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ। কাতারের রাজধানী দোহায় যখন তালেবানের সঙ্গে আমেরিকার অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে তখন এ উদ্বেগ প্রকাশ করলেন আফগান সংসদ সদস্যরা।

তারা এ ধরনের কোনো চুক্তির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তালেবান ও আমেরিকা চুক্তি করে আফগানিস্তানের যুদ্ধ ও সহিংসতার অবসান ঘটাতে পারবে না।

গতকাল (শনিবার) আফগান সংসদের অধিবেশনে তালেবান-আমেরিকা সংলাপের ওপর আলোচনা করতে গিয়ে সংসদ সদস্যরা এ সতর্কবাণী উচ্চারণ করেন। তারা বলেন, মানবাধিকার ও সংবিধান রক্ষা করার মতো যেসব গুরুত্বপূর্ণ অর্জন আফগান সরকারের রয়েছে তালেবান-আমেরিকা আলোচনায় তা উপেক্ষিত হয়েছে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই

সংসদ অধিবেশনে যারা বিষয়টি নিয়ে কথা বলেন তাদের অন্যতম হলেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি তার বক্তব্যে বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির ১৮ বছর পর এখনো দেশে নিরাপত্তাহীনতা মূলত আমেরিকার পরাজয়েরই ইঙ্গিত বহন করে। তিনি বলেন, আফগানিস্তানের সরকারকে বাদ দিয়ে এবং ইরানসহ অন্যান্য প্রতিবেশী দেশকে উপেক্ষা করে যে আলোচনা চলছে তা সফল হতে পারে না।

২০০১ সালের অক্টোবারে আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায়। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার এক মাসের মধ্যে এ আগ্রাসন চালানো হয়। মার্কিন বাহিনীর হামলায় তৎকালীন তালেবান সরকারের পতন ঘটলেও গত দুই দশকে তালেবানকে আফগানিস্তান থেকে নির্মূল করতে চরমভাবে ব্যর্থ হয় আমেরিকা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আরেক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উত্থান ঘটেছে যদিও ধারনা করা হয় মার্কিন মদদেই দায়েশ হৃষ্টপুষ্ট হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।