কাশ্মির ইস্যু: পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i72527-কাশ্মির_ইস্যু_পাকিস্তান_জাতীয়_নিরাপত্তা_কমিটির_জরুরি_বৈঠক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক
    ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করেছে।

এতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ শীর্ষ পর্যায়ের অন্য সেনা কর্মকর্তারা। এছাড়া, আযাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কাশ্মির বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক বিশেষ সহকারীও বৈঠকে উপস্থিত ছিলেন।  

ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাসরত জনগণের বিরুদ্ধে ভারতীয় সেনারা গুচ্ছ বোমা ব্যবহার করেছে -এমন অভিযোগ এনে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক বসে। বৈঠকটি আহ্বান করেন প্রধানমন্ত্রী ইমরান খান।  বেসামরিক জনগণের ওপর গুচ্ছ বোমা ব্যবহারের ঘটনায় বৈঠক থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে।  

ইমরান খান

এদিকে, টুইটার পোস্টে ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যু নিয়ে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন; মধ্যস্থতার এটাই ভালো সময়। এছাড়া, বেসামরিক লোকজনের ওপর গুচ্ছ বোমা ব্যবহার করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান।#   

পার্সটুডে/এসআইবি/৪