ভারত সরকারকে জার্মানির নাৎসীবাদীদের সঙ্গে তুলনা করলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i72730-ভারত_সরকারকে_জার্মানির_নাৎসীবাদীদের_সঙ্গে_তুলনা_করলেন_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত সরকারকে জার্মানির নাৎসীবাদীদের সঙ্গে তুলনা করে বলেছেন, হিন্দু-প্রধান ভারত মুসলিম অধ্যুষিত কাশ্মীরে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। আজ (রোববার) ধারাবাহিক টুইটে ইমরান খান এসব কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৮:২০ Asia/Dhaka
  • ভারত সরকারকে জার্মানির নাৎসীবাদীদের সঙ্গে তুলনা করলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত সরকারকে জার্মানির নাৎসীবাদীদের সঙ্গে তুলনা করে বলেছেন, হিন্দু-প্রধান ভারত মুসলিম অধ্যুষিত কাশ্মীরে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। আজ (রোববার) ধারাবাহিক টুইটে ইমরান খান এসব কথা বলেছেন।

তিনি বলেন, “কারফিউ, দমনপীড়ন ও কাশ্মীরে আসন্ন গণহত্যা থেকে প্রকৃত সত্য বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে ঠিক নাৎসী আদর্শে অনুপ্রাণিত হয়েছে আরএসএস আদর্শ। এই আদর্শ নাৎসী আর্য আধিপত্যের মতো। ভারত অধিকৃত কাশ্মীরে এর শেষ হবে না। এর পরিবর্তে তা ভারতে মুসলিমদের দমিয়ে রাখতে এবং পাকিস্তানকে টার্গেট করতে উৎসাহিত করবে।”

তিনি আরো বলেন, ভারতের বিজেপি সরকার জাতিগত নিধনের মধ্যদিয়ে কাশ্মীরে জনসংখ্যার হার পাল্টে দেয়ার চেষ্টা করছে। প্রশ্নটা হলো- হিটলারের সময়ে বিশ্ব মিউনিখে যেমনটা করেছিল এবারও কি তারা তেমনি শুধু দেখবে আর তুষ্ট থাকবে? খান বলেন, ভারতীয় এই আদর্শ শেষ পর্যন্ত পাকিস্তানকে টার্গেট করবে। 

কারফিউয়ের মধ্যে কাশ্মীরের রাস্তায় টহল দিচ্ছে ভারতীয় সেনা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস হচ্ছে চরম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন; এ থেকেই বর্তমান ক্ষমতাসীন বিজেপি’র জন্ম হয়েছে বলে মনে করা হয়। বিজেপির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

গত সোমবার নরেন্দ্র মোদির সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় এবং সেখানে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে। যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ দমন করতে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জম্মু-কাশ্মিরের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। পাকিস্তান এর প্রতিবাদ করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করেছে। এছাড়া, ভারতের সঙ্গে প্রায় সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।#

পার্সটুডে/এসআইবি/১১