কাশ্মীর ইস্যুতে ফের তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছে ভারত
https://parstoday.ir/bn/news/world-i73149-কাশ্মীর_ইস্যুতে_ফের_তৃতীয়_কোনো_দেশের_হস্তক্ষেপ_প্রত্যাখ্যান_করেছে_ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ১৪:৩৮ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছেন।

তিনি ফ্রান্সে সাত জাতি গ্রুপের শীর্ষ বৈঠকের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো বিষয় দ্বিপক্ষীয় তাই তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই এবং আমরাই দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করব।

পর্যবেক্ষকরা বলছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক প্রচেষ্টার জবাবে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। ইসলামাবাদ সরকার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণ করার  এবং এ সমস্যা সমাধানে অন্যান্য দেশকেও আলোচনার টেবিলে টেনে আনার চেষ্টা করছে। এ লক্ষ্যে পাকিস্তান সরকার গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তোলার এবং তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার চেষ্টা করছে। কাশ্মীরের ব্যাপারে ভারত ও পাকিস্তানের এ মুখোমুখি অবস্থান ওই অঞ্চলকে কঠিন সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

বিরোধপূর্ণ কাশ্মীর নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের পরিণতির ব্যাপারে পাকিস্তান হুঁশিয়ার করে দিয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার ভারতের সিদ্ধান্তকে মারাত্মক ভুল হিসেবে অভিহিত করে বলেছেন, এ অঞ্চলে উত্তেজনার যদি অবসান না ঘটে তাহলে শুধু ভারত-পাকিস্তান নয় একইসঙ্গে গোটা বিশ্বের জন্য তা বড় বিপদ ডেকে আনবে। একদিকে, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি এবং কাশ্মীর বিষয়টিকে দ্বিপক্ষীয় বিষয়ের বাইরে নিয়ে গিয়ে আন্তর্জাতিকীকরণ করার জন্য পাকিস্তান চেষ্টা করছে অন্যদিকে, উত্তেজনা হ্রাসে ভারত কোনো পদক্ষেপ নেয়া তো দূরে থাক পাকিস্তানের দাবির প্রতি সামান্যতম ভ্রুক্ষেপও করছে না।

বলা হচ্ছে, ভারতের প্রতি কয়েকটি বৃহৎ শক্তির সমর্থনের কারণে নয়াদিল্লী কাউকে তোয়াক্কা করছে না। অনেকের মতে কাশ্মীরের বিশেষ সুবিধা কেড়ে নেয়ার ভারতের সিদ্ধান্তের পেছনে আমেরিকাসহ আরো কয়েকটি দেশের সমর্থন রয়েছে। মার্কিন ফরেন পলিসির ম্যাগাজিন কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেছে, কাশ্মীর নিয়ে নতুন করে সৃষ্ট সংকটে আমেরিকার হাত থাকার আলামত রয়েছে এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতি থেকে ট্রাম্পের কর্মকাণ্ডের মিল রয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭