ভারতের জন্য আবার আকাশ বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i73153-ভারতের_জন্য_আবার_আকাশ_বন্ধ_করে_দেয়ার_চিন্তাভাবনা_করছে_পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য তার দেশের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছেন । সেইসঙ্গে ভারত যাতে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে না পারে সে ব্যবস্থাও নেয়া হতে পারে বলে পাকিস্তান সরকারের একজন সিনিয়র মন্ত্রী জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৯ ০১:৩৮ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য তার দেশের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছেন । সেইসঙ্গে ভারত যাতে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে না পারে সে ব্যবস্থাও নেয়া হতে পারে বলে পাকিস্তান সরকারের একজন সিনিয়র মন্ত্রী জানিয়েছেন।

মঙ্গলবার এক টুইটার পোস্টে একথা জানিয়েছেন, পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেইন চৌধুরি। তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখছে ইমরান খান সরকার। এ নিয়ে মন্ত্রিসভায় একদফা আলোচনাও হয়েছে।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেইন চৌধুরি

টুইটারে ফাওয়াদ হুসেইন চৌধুরি লিখেছেন, 'ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছেন ইমরান খান। পাকিস্তানের উপর দিয়ে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করে ভারত। সেই রাস্তা বন্ধ করে দেয়া নিয়েও মন্ত্রিসভায় একদফা আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইনি দিকগুলি নিয়ে কথাবার্তা চলছে।” পাক মন্ত্রী সরাসরি লিখেছেন, “শুরুটা মোদী করেছেন। শেষ করব আমরা।”

জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এমনকি এ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে ইসলামাবাদ।  সোমবার জাতির দেয়া ভাষণে ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কাশ্মীরে মানবতা লঙ্ঘনের অভিযোগ করেন। এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারিও দেন তিনি। তার পরই মঙ্গলবার আকাশসীমা বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তার মন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।