পরমাণু সমঝোতা রক্ষায় ম্যাকরনের প্রচেষ্টার প্রতি পুতিনের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i73184-পরমাণু_সমঝোতা_রক্ষায়_ম্যাকরনের_প্রচেষ্টার_প্রতি_পুতিনের_সমর্থন
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আরো আগে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তার এ সমর্থনের কথা ঘোষণা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ০২:৩১ Asia/Dhaka
  • জিসেভেন শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে ফ্রান্সে ম্যাকরনের সঙ্গে পুতিনের সাক্ষাৎ
    জিসেভেন শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে ফ্রান্সে ম্যাকরনের সঙ্গে পুতিনের সাক্ষাৎ

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আরো আগে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তার এ সমর্থনের কথা ঘোষণা করেছেন।

চলতি সপ্তাহে ইমানুয়েল ম্যাকরন তার দেশে অনুষ্ঠিত জি- সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর তিনি ওই শীর্ষ সম্মেলনের অবকাশে  ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গেও বৈঠক করেন।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যে, এসব আলোচনায় ফরাসি প্রেসিডেন্ট ইরানের পরমাণু সমঝোতায় কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছেন।  

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বুধবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, এক সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতে ফরাসি প্রেসিডেন্ট ইরানের পরমাণু সমঝোতা নিয়ে নিজের পরিকল্পনার কথা পুতিনকে জানান। রুশ প্রেসিডেন্ট তখন ম্যাকরনের প্রস্তাবে সবুজ সংকেত প্রদান করেন বলে জানান ল্যাভরভ।  

তবে তিনি ম্যাকরনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত না জানিয়ে বলেন, এ ধরনের পরিকল্পনা অবশ্যই সফল হবে। তবে ব্লুমবার্গ গত শনিবার এক রিপোর্টে জানিয়েছিল, ম্যাকরনের পরিকল্পনায় বলা হয়েছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললে দেশটিকে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করার অনুমতি দেয়া হবে।

মার্কিন সরকার গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। তবে ইউরোপীয় দেশগুলো এ সমঝোতায় টিকে থাকার ঘোষণা দিয়ে জানায়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা বাস্তবায়ন করবে। কিন্তু চলতি বছরের মে মাস পর্যন্ত এক বছরে ইউরোপীয়রা কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার পর ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।