বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর শেষে আজ শনিবার ভোরে তেহরানে ফিরেছেন।
গত মঙ্গলবার রাতে একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিনিধি দল নিয়ে তিনি বাংলাদেশ সফরে যান। বাংলাদেশ সফরে দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ স্পিকারের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সেখানে ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষক ও গবেষকদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
বুধবার সকালে ভারত মহাসাগরীয় দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভাষণ দেন। বাংলাদেশে ব্যস্ত সময় কাটিয়ে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জারিফ। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত কয়েক মাস ধরে একের পর এক বিদেশ সফর করছেন। বিদেশে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনার পাশাপাশি পরমাণু ইস্যুতে ইরানের ন্যায়সঙ্গত অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।