ভারতের প্রেসিডেন্টকেও আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান
-
ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ
ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার যে অনুমতি চেয়েছিলেন ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অধিবাসীদের বিশেষ ক্ষমতা বাতিল করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ ঘটনা ঘটল।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেছেন, “ভারতের প্রেসিডেন্ট আইসল্যান্ড সফরে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু আমরা তাকে সে অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি জানান, “ভারতের আচরণের প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরের উদ্দেশ্যে প্রেসিডেন্ট কোবিন্দ আগামীকাল (সোমবার) নয়াদিল্লি ত্যাগ করবেন বলে কথা রয়েছে।
গতমাসে পাকিস্তানের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের আকাশসীমা ভারতীয় বেসামরিক বিমানের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়ার পাশাপাশি পাকিস্তানের ওপর দিয়ে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য করার পথও বন্ধ করে দিতে চান। ইমরান খান বলেন, কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক সমাজ হস্তক্ষেপ করতে ব্যর্থ হলে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জের ধরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সে সময় সব ধরণের ভারতীয় বিমান নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করে পাকিস্তান। এর মাস চারেক পর গত জুলাইয়ে এসব রুট ফের চালু হয়েছিল। #
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।