আফগানিস্তানে পরাজয়ে আমরা দায়ী নই: মার্কিন অভিযোগের জবাবে ইমরান খান
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, 'আফগানিস্তানে আমেরিকার পরাজয়ের জন্য ইসলামাবাদ দায়ী নয়।'
তিনি রুশ নিউজ চ্যানেল রাশা টুডেকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানে পাকিস্তান যোগ দেয়ায় ইসলামাবাদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এরপরও আফগান যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতার জন্য ইসলামাবাদকে দায়ী করা অন্যায্য। পাক প্রধানমন্ত্রী আরো বলেন, 'দীর্ঘ দিন ধরে আফগানিস্তানে হামলা চালিয়েও ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন করতে পারেনি।'
আমেরিকা ও তার মিত্ররা শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায়। কিন্তু এখন পর্যন্ত তারা নিরাপত্তা প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমন করতে তো পারেনি এমনকি আফগানিস্তানে মাদক উৎপাদন ও বিস্তাররোধ করতেও ব্যর্থ হয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানে ব্যর্থতার জন্য আমেরিকাকে দায়ী করার ঘটনা এবারই প্রথম নয়। তবে সম্প্রতি মার্কিন অভিযোগের জবাবে পাকিস্তান ফের একই বক্তব্য দিল। হোয়াইট হাউজ সম্প্রতি আফগানিস্তানে ব্যর্থতা ও প্রতিকূল পরিস্থিতির জন্য পাকিস্তানের দ্বিমুখী নীতিকে দায়ী করেছে। এই ধারণা বা বক্তব্যের ভিত্তিতে মার্কিন সরকার পাকিস্তানকে শাস্তি দেয়ার জন্য দেশটির বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।
ভারতের সঙ্গে আমেরিকার অতি সখ্যতা এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন নয়াদিল্লীকে অগ্রাধিকার দেয়ায় অন্যদিকে ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করায় পাকিস্তানের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের মতে ওয়াশিংটনের এ নীতির কারণে এ অঞ্চলে শক্তির ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ছাড়া, মার্কিন সরকার পর্যায়ক্রমে পাকিস্তানকে অর্থ সহায়তা কমিয়ে আনার পাশাপাশি সামরিক সাহায্যও বন্ধ করে দেয়ার পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ইসলামাবাদকে ওয়াশিংটনের নীতি মেনে নিতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা।
পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান যুদ্ধে ব্যর্থতার জন্য আমেরিকা পাকিস্তানকে দায়ী করলেও বাস্তবতা হচ্ছে, হোয়াইট হাউজের অসংখ্য ভুলের কারণেই আমেরিকা আফগান যুদ্ধে পরাজিত বা ব্যর্থ হয়েছে। আমেরিকা ১৮ বছর আগে আফগানিস্তানে এক লাখের বেশি সেনা সমাবেশ ঘটনায়। কিন্তু আজ পর্যন্ত তারা আফগানিস্তানের ব্যাপারে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও তারা মূলত অন্য উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে।
আফগানিস্তানে মোতায়েন বিদেশী সেনারা স্বেচ্ছাচারিতার পাশাপাশি বেসামরিক মানুষজনকে হত্যা করছ। এ কারণে আফগানিস্তানের জনগণ তাদেরকে সমর্থন দেয়া তো দূরের কথা বরং ঘৃণা করে। এ অবস্থায় আফগানিস্তানে ব্যর্থতার জন্য আমেরিকাকে দায়ী করে পাকিস্তানের দেয়া বক্তব্যকে যথার্থ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪