সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করলেন পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i73655-সৌদি_তেল_স্থাপনায়_হামলার_জন্য_ইরানকে_দায়ী_করলেন_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তিনি শনিবার রাতে এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন, সৌদি তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের ড্রোন হামলার পেছনে তেহরানের হাত ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০২:০৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তিনি শনিবার রাতে এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন, সৌদি তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের ড্রোন হামলার পেছনে তেহরানের হাত ছিল।

গতকাল (শনিবার) সকালে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি ঘোষণা করে তারা তাদের দেশের ওপর গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসনের জবাবে দেশটির দু’টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের ঘোষণায় বলা হয়, সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত ‘বাকিক’ ও ‘খারিস’ তেল শোধনাগারে ১০টি পাইলটবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে এ হামলা চালানো হয়েছে।

হামলার পর সৌদি তেল স্থাপনার দৃশ্য

ওই হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি’ এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ওপর পাঁচ বছরের আগ্রাসন ও অবরোধের যে জবাব দেয়া হয়েছে তা সম্পূর্ণ বৈধ ও স্বাভাবিক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ইরানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, অবরুদ্ধ ইয়েমেনে সমরাস্ত্র পাঠাচ্ছে ইরান। ইয়েমেনের কর্মকর্তারা পম্পেওর এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, দেশটির সেনাবাহিনীর সামরিক শক্তি সম্পূর্ণ নিজস্ব সক্ষমতায় পরিচালিত হচ্ছে এবং সৌদি শাসকদের অবরোধ সত্ত্বেও এ সক্ষমতা দিন দিন বাড়ছে।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও দেশটির অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।